পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৫ ভিভিআইপি ফ্লাইট দোহার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। স্থানীয় সময় বিকেলে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে কাতার সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।
স্বল্পোন্নত দেশগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়ানোর ওপর গোলটেবিল বৈঠক, স্মার্ট বাংলাদেশ সম্পর্কিত অনুষ্ঠান, কাতার প্রবাসী বাংলাদেশি নাগরিকদের আয়োজিত কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
কাতার সফর শেষে ৮ মার্চ স্থানীয় সময় সকালে দোহা থেকে রওনা হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






