বৃহস্পতিবার (৭ নভেম্বর,২০২৪) সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি এ বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মৃত্তিকা বিজ্ঞানের ডিন অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
অধ্যাপক ড. শামীম ১৯৭৬ সালের ১৫ই জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান ও পরিবেশ বিভাগ থেকে ১ম শ্রেণিতে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি জাপান সরকারের মনবুকাগাকুশো বৃত্তি নিয়ে জাপানের ওকায়ামো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. শামীম ২০০৫ সালে প্রভাষক হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে যোগদান করেন। দেশি- বিদেশি জার্নালে ছাপানো তার আর্টিকেলের সংখ্যা ৪০ টির অধিক।
তার নিয়োগের ক্ষেত্রে প্রজ্ঞাপনে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে—এই নিয়োগসমূহ চার বছরের জন্য কার্যকর হবে, যা তাদের যোগদানের তারিখ থেকে গণনা করা হবে। তারা অবসর-পরবর্তী বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা উপভোগ করবেন। দায়িত্ব পালনের সময় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।
এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এই নিয়োগসমূহ দেওয়া হয়েছে, তবে প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় তা বাতিল করার ক্ষমতা রাখেন।






