মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইরান ও লেবাননের রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এর মধ্যেই দক্ষিণ ইরানে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলায় ইরানের ইস্পাত উৎপাদন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ২৪ ঘণ্টায় পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। এই হামলাগুলোর মূল লক্ষ্য ছিল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিগুলো।






