চিড়িয়াখানা আধুনিকায়নে মহাপরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা আন্তর্জাতিক মানে রূপান্তর করা হচ্ছে। যাতে মানুষ চিড়িয়াখানা পরিদর্শনে এসে নির্মল আনন্দ উপভোগ করতে পারে।
জাতীয় চিড়িয়াখানার প্রবেশমূল্য বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য কার্যকর হবে। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় অনুষ্ঠিত সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে চিডিয়াখানার প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা। এটি বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। প্রতিবছর এ চিড়িয়াখানায় ৩০ থেকে ৪০ লাখ দর্শনার্থী যায়। প্রবেশমূল্য বাড়লে তিন থেকে চার কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হবে। বৈঠকে জাতীয় চিড়িয়াখানাকে আধুনিক মানসম্পন্ন করার জন্য নতুন অনেক পরিকল্পনা অনুমোদন করে উপদেষ্টা পরিষদ।
সিঙ্গাপুরের জুড়ং বার্ড পার্কের আদলে সাজানো হবে মিরপুর চিড়িয়াখানাকে। দর্শকদের জন্য থাকবে সাইট-সিয়িং জিপ ও ওয়াটার বোট। আরো থাকবে ভাসমান রেস্তোরাঁ ও রাতযাপনের জন্য রিসোর্ট। এর ফলে বিশ্বমানে উন্নীত হবে জাতীয় চিড়িয়াখানা। বর্তমানে চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের দুই হাজারের বেশি প্রাণী ও পাখি রয়েছে। নতুন প্রাণী ও পাখি সংগ্রহ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।






