মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই যিনি বোলিংবৈচিত্র্য দিয়ে সারা দুনিয়া মাত করেছেন। কিন্তু চোটপরবর্তী অস্ত্রোপচার শেষে ফর্ম নিয়ে ভুগছেন তিনি।
চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও খুব একটা সাফল্য পাচ্ছেন না কাটার মাস্টার। তবে প্রতিভাবান এই ক্রিকেটারের সামর্থ্য নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। তাইতো নিজের জন্মদিনে দারুণ খেললেন মোস্তাফিজ।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন দুটি উইকেট পেয়েছেন তিনি। বোলিং করেছেন তার চেয়েও ভালো। অস্ট্রেলিয়াকে চাপে রেখেছেন। দিন শেষে দেখা গেছে মোস্তাফিজ জ্বলে ওঠায় কঠিন অবস্থায় পৌঁছাতে পারেনি সফরকারীরা।
এদিকে মোস্তাফিজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নিজেদের অফিসিয়াল পেইজে তারা লিখেছে, তিনি দারুণ প্রতিভাবান একজন তরুণ পেসার। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১ উইকেট নিয়ে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। শুভ জন্মদিন ‘দ্য ফিজ’।






