নিজ মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আজ রবিবার আনুষ্ঠানিক অনুশীলন শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল।আজ দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসা খেলোয়াড়রাই কেবল মাঠে নামার সুযোগ পাচ্ছে। প্রথম ধাপের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া সূচি অনুযায়ী খেলোয়াড়রা চার দিন শেরে-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। এরপর আগামী ১৪ ও ১৬ জানুয়ারি নিজেদের মধ্যে দুটি অনুশীলন ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলার জন্য উইন্ডিজ দল আজ সকালে ঢাকায় পা রেখেছে। তিনদিন হোটেল সোনারগাঁতে জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে উইন্ডিজ দলকে। তবে ১৪ জানুয়ারি শেরেবাংলা স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমি মাঠে প্র্যাকটিস করবে ক্যারিবিয়ানরা।ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৪ থেকে ১৭ জানুয়ারি ৪ দিন অনুশীলন শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে ক্যারিবিয়ানরা। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে ম্যাচে টাইগারদের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ।






