একদল মনোরোগ চিকিৎসক তাঁরা বলছেন, শোক ও কষ্ট কমাতে বা দূর করতে মৃত ব্যক্তির পরিবারের সদস্য, বন্ধুবান্ধব বা সেবা দানকারীকে মনের কথা বলতে হবে। মন খুলে কথা বললে জীবন স্বাভাবিক হওয়ার আশা আছে।
এসব চিকিৎসক করোনায় মৃত ব্যক্তির স্বজনদের সহায়তা করার জন্য ‘কথা বলো কথা বলি’ নামের একটি মঞ্চ বা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। ০১৪০৭৪৯৭৬৯৬ নম্বরে ফোন করে যে কেউ এই সহায়তা পেতে পারেন।
করোনা মহামারিতে চরম আতঙ্কের মধ্য দিয়ে মানুষের দিন কেটেছে। এখনো অনেকে কষ্ট-যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বজনদের মনের পরিস্থিতি এক রকম থাকে, মৃত্যুর বেশ কিছুদিন পরে অবস্থা অন্য রকম দাঁড়ায়।
করোনায় এ পর্যন্ত প্রায় ২৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিবারে মানসিক স্বাস্থ্যসমস্যা দেখা দিয়েছে। কিন্তু সেবা পেয়েছেন খুবই কমসংখ্যক মানুষ।
মনের খবর ও অধীর ফাউন্ডেশনের সহায়তায় ‘কথা বলো কথা বলি’ মঞ্চ গড়ে উঠেছে।
এখান থেকে করোনায় স্বজনহারাদের জন্য বিনা মূল্যে কাউন্সিলিং ও মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ওপরের নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যায়।






