স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা। আর গত বুধবার পর্যন্ত দেওয়া হয়েছে ২ কোটি ৬৯ লাখের কাছাকাছি। বর্তমানে দিনে গড়ে চার লাখ করে টিকা দেওয়া হচ্ছে। চলতি মাসে যার সংখ্যা দ্বিগুণ করার কথা।
গত বুধবার সংসদে প্রধানমন্ত্রীও বলেন, প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা হয়েছে। এখন পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহ করা গেছে। সিনোফার্ম থেকে পাওয়া শিডিউল অনুযায়ী অক্টোবর মাস থেকে প্রতি মাসে দুই কোটি হিসেবে ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়া যাবে।






