ঈদে ঘরমুখী মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করেছে। ঈদকে সামনে রেখে ও শুক্রবার ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে।
ঢাকামুখী ও চট্টগ্রাম উভয় দিকেই যানজট তীব্র। এর মধ্যে ঢাকামুখী ২২ কিলোমিটার আর চট্টগ্রামগামী ২০ কিলোমিটার যানজট রয়েছে। সোনারগাঁও থেকে গোমতী সেতু পর্যন্ত চট্টগ্রামগামী আর দাউদকান্দির হাসানপুর থেকে সোনারগাঁও চৌরাস্তা পর্যন্ত ঢাকামুখী যানজট রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচরে ঢাকাগামী একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর গজারিয়া হাইওয়ে পুলিশ ট্রাকটি সরিয়ে নেয়। দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।






