পুরান ঢাকার চক মোগলটুলির দুটি মার্কেটে অভিযান চালিয়ে ১ কোটি ৪২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এই জালের বাজারমূল্য প্রায় ২৮ কোটি ৩৫ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এর আগে গত তিন মাসে চক মোগলটুলি এলাকায় চারবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছিল কোস্টগার্ড। কিন্তু এরপরও এত কারেন্ট জাল কোথা থেকে আসে তার কোনো হদিস মিলছে না।
কোস্টগার্ড সূত্র জানায়, ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০১৭’ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় কারেন্ট জাল জব্দ করতে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। এর অংশ হিসেবে চক মোগলটুলির আল সাহানী কমপ্লেক্স ও আল মদিনা মার্কেটের বিভিন্ন গুদামে কারেন্ট জালের সন্ধান পান কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তর গোয়েন্দারা। এই তথ্যের ওপর ভিত্তি করে আজ সকাল ছয়টা থেকে কোস্টগার্ড বাহিনীর সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মারুফের (এনডি) নেতৃত্বে ওই দুটি মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় আল হাসানী কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ড ও তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা এবং আল মদিনা মার্কেটের দ্বিতীয় তলার গুদাম থেকে এই কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
এ অভিযানে লেফটেন্যান্ট সাখাওয়াত কবির, সাব-লেফটেন্যান্ট এম এম আসিফ ও নারায়ণগঞ্জের পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ ও মৎস্য অধিদপ্তরের ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলমগীর, মৎস্য জরিপ কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘আজসহ গত তিন মাসে চক মোগলটুলি এলাকায় পাঁচবার অভিযান চালিয়েছি। এই পাঁচটি অভিযানে প্রায় ১৫৮ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’






