এ বছর এসএসসি পরীক্ষা হবে দেড় ঘণ্টার। আগে এই পরীক্ষা হতো তিন ঘণ্টার। এ বছর পরীক্ষার সময় ও নম্বর কমানো হয়েছে। পরীক্ষা হচ্ছে ৫০ নম্বরের।
করোনা মহামারির প্রকোপ কমিয়ে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মধ্যেই সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষ রোববার সকাল ১০টায় শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হলো সাড়ে ১১টায়। এদিকে প্রত্যেকটি কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। তারা সন্তানের জন্য দোয়া পড়ছেন।
এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং এসএসসি (ভোকেশনাল) এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী রয়েছে। দেশের বাইরের আটটি কেন্দ্রে ৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
দেশে কয়েক বছর ধরে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা শুরু হয়ে আসছে। ২০২০ সালে করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগেই মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়। তবে কভিডের কারণে দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ৯ মাস পিছিয়ে এ পরীক্ষা নেওয়া হচ্ছে
এ দিকে সবচেয়ে বড় এই পাবলিক পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষা প্রশাসন। নকলমুক্তভাবে পরীক্ষা আয়োজন করতে এক সপ্তাহ আগে থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাত জীবাণুমুক্ত করিয়ে এবং তাপমাত্রা মেপে স্কুলে প্রবেশ করতে হবে। কারো শরীরের তাপমাত্রা বেশি এলে এবং করোনাভাইরাসের উপসর্গ থাকলে তাকে আলাদা রুমে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হবে। সেজন্য আইসোলেশন রুমও প্রস্তুত রয়েছে। এ ছাড়া কেন্দ্র এলাকায় অভিভাবকদের বাড়তি চাপও নিয়ন্ত্রণ করা হবে। পরীক্ষার সময় কমিয়ে আনা হয়েছে দেড় ঘণ্টায়। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে হিসেবে আগামী ডিসেম্বর মাসেই এই পরীক্ষার ফল প্রকাশিত হবে।






