স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের কাছে হেরেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ১৭ বছরের ক্যারিয়ারে এই প্রথম ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার অল্প আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লিওনেল মেসি। মেজাজ হারিয়ে বিলবাওয়ের এক খেলোয়াড়ের সঙ্গে উগ্র আচরণ করে বসেন বার্সা অধিনায়ক। এই অভিযোগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে মেসিকে লাল কার্ড দেখানো হয়। বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন তারকার এটিই প্রথম লাল কার্ড পাওয়ার ঘটনা। ৭৫৩তম ম্যাচে এসে এই স্বাদটি পেলেন তিনি।
আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলে দুইবার এগিয়ে যাওয়ার পরও জিততে পারল না বার্সেলোনা।বিলবাওয়ের স্প্যানিশ ফুটবলার আজিয়ের ভিয়ালিব্রে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল করে খেলা টিকিয়ে রাখেন।২-২ সমতায় অতিরিক্ত সময়ের খেলা শুরু হলে ৯৩ মিনিটেই ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক বিলবাও, যারা ১৯৮৫ সালের পরে এবারই প্রথম এই ট্রফি জেতে।তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপ এর শিরোপা জিতল আথলেতিক বিলবাও।






