ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত রবি ও সোমবার দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হয়। তাপমাত্রাও কমে আসে অনেকটা। কিন্তু গত মঙ্গলবার থেকেই আবার গরম পড়তে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও অন্তত দুই দিন এমন গরম থাকতে পারে। কোনো স্থানে তাপপ্রবাহও হতে পারে। তবে টানা তাপপ্রবাহের সম্ভাবনা কম। আর আজই মৌসুমি বায়ুর আগমনের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এবার একটু আগাম চলে এল এ বায়ু।
রাজধানীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এমন গরম আজ ও কাল শুক্রবারও থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি আজ প্রথম আলোকে বলেন, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে গরম কিছুটা কমতে পারে।






