বছর শুরু হয়েছিল নিউজিল্যান্ড সফরের হতাশা দিয়ে। বছরের শেষ সফরটিও হতাশাতেই শেষ হলো। দক্ষিণ আফ্রিকায় তিন ধরনের ক্রিকেটেই ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তবু সবকিছু থেকেই ইতিবাচক কিছু খুঁজে নেওয়ার চেষ্টা থাকে। দুর্ভাগ্যের বিষয়, এ সফর থেকে তেমন কিছু খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসান।
টেস্ট সিরিজের পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হিসাব করলে সফরে আটটি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এ সফর থেকে প্রাপ্তির হিসাব–নিকাশে কিছুই খুঁজে পেলেন না টি-টোয়েন্টি অধিনায়ক, ‘পজিটিভ দিক বের করা কঠিন। ধারাবাহিকতা আমাদের কারও মধ্যে ছিল না। মুশফিক ভাই ওয়ানডেতে ভালো ব্যাটিং করেছে। আজকের ম্যাচ বাদে রুবেলও ভালো বোলিং করেছে। কিন্তু দল না জিতলে ব্যক্তিগত পারফরম্যান্সের কোনো মূল্য নেই। যেহেতু দলীয় খেলা, সবাই চেষ্টা করে যেন দলটা জেতে।’
এমন হতাশা নিয়ে বসে থাকার উপায় নেই। সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ। সে সিরিজে ভালো করার উপায় এখন থেকেই খুঁজতে শুরু করে দিয়েছেন সাকিব, ‘কঠিন একটা সফর গেল। আন্তর্জাতিক ক্রিকেটে কিছুদিনের বিরতি আছে। শারীরিক দিক তো আছেই, তবে মানসিক যে বাধাটা আছে, সেটা কাটিয়ে উঠলে সামনে আরও ভালো করতে পারব।’






