রোহিঙ্গা সংকট ও সমস্যার স্থায়ী সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন তার পক্ষে ইতিমধ্যে সারা বিশ্ব অবস্থান নিয়েছে। গতকাল দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় উপরোক্ত কথা বলেন। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং খোঁজ-খবর নেয়ার জন্য। সবার সহযোগিতায় দীর্ঘ এক মাসের মানবিক সংকট কাটিয়ে উঠার পথে আমরা। শেখ হাসিনা সরকার অসম সাহসিকতার মাধ্যমে লাখ লাখ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, তুমব্রুতে যেসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। এখানে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বিজিবি তাদের খাবার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সব ধরনের সাহায্য সহযোগিতা করছে। দীর্ঘ এক মাসেও কোনো মানুষ না খেয়ে মরে যায়নি। এটি আমাদের অঙ্গীকার ছিল এবং আমরা তা পালন করতে পেরেছি। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য উখিয়ায় ২ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। এখানে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। যারা তুমব্রুতে আশ্রয় নিয়েছে তাদের এখানে নিয়ে আসা হবে। এছাড়া বিচ্ছিন্নভাবে যেসব রোহিঙ্গারা আছে তাদেরও পুনর্বাসন করা হবে। তিনি বলেন, আমি দেখেছি গত কয়েকদিন পূর্বেও রোহিঙ্গাদের ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা ছিল। সেনাবাহিনী নিয়োগ দেয়ার পরে সেই বিশৃঙ্খলার ছবি এখন আর নেই। এখন সবাই লাইন ধরে সুন্দর পরিবেশে ত্রাণ নিচ্ছে। বর্তমানে এসব রোহিঙ্গাদের জন্য দেশ-বিদেশ থেকে প্রচুর ত্রাণ আসছে এবং ত্রাণ জমা রয়েছে। অতীতে এসব ত্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। সেই সুযোগ আর নেই। তবে এবার কোনো ধরনের অপকর্মের রিপোর্ট আমরা পায়নি। আমাদের বর্ডার গার্ড বিজিবি’র সুন্দর পরিচালনায় এবং পুলিশের সতর্ক পাহারার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি কেউ।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আবদুর রহমান এমপি, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈলা মার্মা, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।






